২৪ ঘণ্টা অনলাইন : এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
খসড়া আইনে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক ব্যবস্থার বিধান যুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত পর্যালোচনার পর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। আইন কার্যকর হলে র্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি কাঠামো বাতিল হবে। তবে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।
খসড়া অনুযায়ী, এসআরবির নিজস্ব লোগো, পতাকা ও নির্ধারিত পোশাক থাকবে। বাহিনীর সদর দপ্তর হবে ঢাকায়, তবে প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে।
নতুন ইউনিটের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিটে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রেষণে নিয়োগের ন্যূনতম মেয়াদ দুই বছর করার প্রস্তাবও খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।
