২৪ ঘণ্টা অনলাইন : প্রায় দুই দশক পর ফিরছে জনপ্রিয় বলিউড সিনেমা আওয়ারাপান-এর সিক্যুয়েল। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আওয়ারাপান টু-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার, যেখানে অ্যাকশন, আবেগ ও প্রতিশোধের গল্পে এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন ইমরান হাশমি।
এক মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় দড়িতে ঝুলছেন ইমরান হাশমি। ঠিক সেই মুহূর্তে রহস্যময় এক চরিত্রে উপস্থিত হন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তার সংলাপ ও ইমরানের জবাব ট্রেলারের শুরু থেকেই তৈরি করে রহস্য ও উত্তেজনার আবহ।
এরপর শুরু হয় দ্রুতগতির অ্যাকশন। প্রবল বৃষ্টি, জেলখানার সংঘর্ষ, রাস্তায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং বিস্ফোরক লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় ট্রেলার। তবে শুধু অ্যাকশন নয়, প্রথম সিনেমার আবেগও ধরে রাখা হয়েছে। হারানো ভালোবাসার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় শিবাম পণ্ডিত চরিত্রটিকে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। অনেকেই বলছেন, এটি শুধু একটি সিক্যুয়েল নয়, বরং পুরোনো নস্টালজিয়াকে নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘নতুন এক ইমরান হাশমিকে’ দেখা যাচ্ছে এই সিনেমায়।
ট্রেলারে সংক্ষিপ্ত উপস্থিতি রয়েছে দিশা পাটানি, সুবিন্দর ভিকি ও পুরন গাব্বির। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশেষ ভাট প্রযোজিত এবং বিলাল সিদ্দিকীর গল্পে নির্মিত আওয়ারাপান টু পরিচালনা করেছেন নিতিন কক্কর। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাচ্ছে সানি দেওলের বর্ডার ১৯৪৭, ফলে বক্স অফিসে দুই ছবির মধ্যে জমজমাট প্রতিযোগিতার আভাস মিলছে।
