২৪ ঘণ্টা অনলাইন : রাষ্ট্রের কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, আর সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা কঠিন হয়ে পড়বে।
৭ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তনই এখন সময়ের দাবি। রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল হতে পারে না; এজন্য প্রয়োজন কার্যকর ও দীর্ঘমেয়াদি সংস্কার।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল রাষ্ট্র ও সংবিধান সংস্কার। কিন্তু গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের পরিবর্তে সরকার সেই প্রত্যাশা থেকে সরে এসেছে। এর ফলে জনগণের আস্থায় ঘাটতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সরকারের জুলাই গণঅভ্যুত্থান উদযাপনের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, রাষ্ট্রীয় আয়োজনগুলোতে দলীয়করণের প্রবণতা দেখা গেছে। অনেক স্থানে জুলাই আন্দোলনের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি দিল্লিতে পলাতক রাজনৈতিক শক্তির সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সরকারের আরও দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করা যায় না, প্রয়োজন কার্যকর উদ্যোগ।
তিনি আরও বলেন, বিচার, সংস্কার এবং স্বৈরাচারবিরোধী অবস্থানে সরকার আপসের পথ বেছে নিলে জনগণ তা মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
