শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কাজে ফেরার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ০১:৩১ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সুস্থ হয়ে আবারও সেই আন্দোলনে সক্রিয়ভাবে ফিরতে চান বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের মানুষকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

৭ আগস্ট রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে ৩১ বছর আগে যে আন্দোলন শুরু করেছিলেন, সেটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়; এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন তিনি। পরবর্তীতে তার সেই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে পালিত হচ্ছে।

নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার মানুষের পাশে দাঁড়ানোর এবং নিরাপদ সড়ক আন্দোলনে কাজ করার শক্তি দেন।

তিনি সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তির দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন