২৪ ঘণ্টা অনলাইন : তরুণ প্রজন্ম বা জেন-জিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে নিজের অবস্থান বদলেছেন ভারতের অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কয়েক দিন আগে জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করলেও এবার তরুণদের দেশের অন্যতম বড় শক্তি হিসেবে অভিহিত করেছেন তিনি।
ভারতে নিট আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তরুণদের একাংশের মন্তব্যের সমালোচনা করেন কঙ্গনা। আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি আন্দোলনের বিভিন্ন ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেন এই বিজেপি নেত্রী।
কঙ্গনার এমন মন্তব্য সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
৭ আগস্ট এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন কঙ্গনা। তিনি বলেন, জেন-জি ভারতের প্রকৃত শক্তি এবং দেশের জন্য একটি বড় সম্পদ। তরুণরা দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে বলেও প্রশংসা করেন তিনি।
কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মের এই ভূমিকা তাকে আনন্দিত করে এবং দেশের ভবিষ্যতের জন্য তাদের অবদান গুরুত্বপূর্ণ।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, কঙ্গনার বক্তব্য পরিবর্তনের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের প্রভাব থাকতে পারে।
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জেন-জি প্রজন্মের প্রশংসা করে মোহন ভাগবত বলেছিলেন, বর্তমান তরুণরা সৎ এবং যুক্তিসংগত উত্তর প্রত্যাশা করে। তাদের মতামত গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন তিনি।
ভাগবতের এমন ইতিবাচক বক্তব্যের পর কঙ্গনার নতুন মন্তব্যকে তার আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।
