২৪ ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন। সফরকালে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ সময় হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত কিছু দাবি-দাওয়া তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য আনন্দের। হেফাজত আমিরের পক্ষ থেকে লিখিত দাবি-দাওয়া তার কাছে পেশ করার প্রস্তুতি রয়েছে।
হেফাজত আমিরের দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রমজান শুরু হওয়া এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। তখন প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় এবারের সফরসূচি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখার সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন তিনি।
কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছানোর কথা রয়েছে তার।
সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা জোরদারসহ হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।
সাক্ষাৎ শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
