শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরে সর্বনিম্ন এসএসসি ফল

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ০১:৫৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত পাঁচ বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। এ বছর এসএসসি পরীক্ষায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৮০ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হলেও ২০২৫ সালে তা উল্লেখযোগ্যভাবে কমে ৬৮ দশমিক ৪৫ শতাংশে নেমে আসে।

এবার পাসের হার আরও কমে ৬২ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক থেকেও এবার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ফল এসেছে। এ বছর ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন