২৪ঘন্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ১০ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শেষ হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দায়িত্ব নেওয়ার প্রায় দেড় মাস পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।
এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
গত এপ্রিলে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেওয়া হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে ভারত হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী।
