বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করা হতে পারে। স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে প্রার্থী নির্বাচনের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় বৈঠকের পর প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। গত শনিবার রাষ্ট্রপতি প্রার্থী হতে সম্মতি জানিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষরও করেছেন মির্জা ফখরুল।
দলীয় সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকালে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দেন। বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
