শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তিস্তা প্রকল্পের কাজ শুরু হচ্ছে, ফারাক্কায় আশ্বাস

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ০৯:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ প্রকল্প এবং ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নসহ পানি সম্পদ খাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

১৩ আগস্ট সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন। সভার শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, আগামী বছর থেকে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও জোরালো আশ্বাস পাওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ার বিষয়টি কমিটিকে অবহিত করা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়।

প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা, বরাদ্দের সঠিক ও সুষম ব্যবহার নিশ্চিত এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন