শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুই যুগ পর পর্দায় সালমান-সঞ্জয়

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১১:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রায় দুই যুগ পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, আন্তর্জাতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা।

বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান-সঞ্জয়ের পুনর্মিলন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’খ্যাত আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। আন্তর্জাতিক পরিসরে নির্মিত সিনেমাটিতে ভারত, মিশর, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের অভিনয়শিল্পীকে দেখা যাবে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘সেভেন ডগস’ নামে একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি ‘পিংক লেডি’ নামের বিপজ্জনক মাদককে ঘিরে। আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি বিশ্বের বিভিন্ন ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও ‘রিয়াদ সিজন’-এর সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস। গত ২২ মে মিশরের কায়রোতে এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর ২৭ মে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পায়।

ভারতে এখনও সিনেমাটি মুক্তি পায়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ আগস্ট দেশটির প্রেক্ষাগৃহে ‘সেভেন ডগস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে ‘সাজন’, ‘চল মেরে ভাই’ ও ‘ইয়ে হ্যায় জালওয়া’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান ও সঞ্জয় দত্ত। কয়েক বছর আগে এপি ধিলোঁর ‘ওল্ড মানি’ মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা যায় তাদের। এবার ‘সেভেন ডগস’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন