শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘আওয়ারাপান ২’ মুক্তির আগেই হিট

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১২:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ বক্স অফিসে ব্যর্থ হলেও সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পায়। বিশেষ করে সিনেমাটির গানগুলো এখনো দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’।

১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া ফেলেছে এটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে অগ্রিম বুকিং শুরু হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের জন্য প্রায় ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম বুকিং মিলিয়ে আয় ৯ কোটি রুপি ছাড়িয়েছে। এই অঙ্ক ‘আওয়ারাপান’-এর পুরো আয়ের চেয়েও বেশি।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ২০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। এমনটা হলে ইমরান হাশমির ক্যারিয়ারে এটি হবে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। পাশাপাশি চলতি বছরে বলিউডের অন্যতম বড় উদ্বোধনী আয়ও হতে পারে।

একই দিনে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তি পাচ্ছে। তবে অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, বক্স অফিসে এগিয়ে থাকতে পারে ‘আওয়ারাপান ২’।

নীতিন কক্কর পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। প্রায় ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির আগের এই সাড়া ধরে রাখতে পারলে অল্প সময়েই নির্মাণ ব্যয় তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন বক্স অফিস বিশ্লেষকরা।

অর্থাৎ, যে সিনেমার প্রথম কিস্তি একসময় ‘ডিজাস্টার’ তকমা পেয়েছিল, তারই সিক্যুয়েল মুক্তির আগেই বক্স অফিসে নতুন রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন