২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
১৪ আগস্ট সকালে উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
শিপইয়ার্ডটির ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, গ্যাস লিকেজের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। জাহাজ থেকে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে তারা সেখানে এগিয়ে যান। কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজের কারণ এবং শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
