২৪ঘণ্টা অনলাইন : ভারতে একই দিনে মুক্তি পাওয়া ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ ও সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মধ্যে প্রথম দিনের বক্স অফিস লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমা।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি নিট। গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আরও ২ কোটি রুপি আয় করায় সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।
নিতিন কক্কর পরিচালিত সিনেমাটি ভারতের ৯ হাজার ৩৩টি শোতে প্রদর্শিত হয়েছে। প্রথম দিনে এর গড় আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ।
অন্যদিকে, সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছে। ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া ১ কোটি ৫০ লাখ রুপি যোগ করে প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি।
রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটি প্রথম দিনে ৮ হাজার ৭২১টি শো পেয়েছে। তবে আসন দখলের হার ছিল প্রায় ১৫ শতাংশ।
২০০৭ সালের ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান টু’-তে আবারও শিভম পণ্ডিত চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সিনেমাটিতে আরও রয়েছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
অন্যদিকে, দেশভাগের পটভূমিতে নির্মিত ‘বাটোয়ারা ১৯৪৭’-এ অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিন্তা, করণ দেওল, আলী ফজল ও শাবানা আজমি। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিন্তা। একই সিনেমায় প্রথমবার বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওলকে একসঙ্গে দেখা গেছে।
