শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাদের ‘অ্যানি’-তে লাক্সের নাযাহ

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পেরিয়ে এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত মিনি সিরিজ ‘অ্যানি’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।

এরই মধ্যে জানা গেল, এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এবারের লাক্স তারকা নাযাহ নাওয়ারকে। সিরিজে নাজিফা তুষির বোন বেণি চরিত্রে অভিনয় করেছেন নাযাহ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের অনেক আগেই এর শুটিং করেছিলেন তিনি। এখনো সিরিজটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।তবে জানা গেছে, খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘অ্যানি’।

দেশে মুক্তির আগে অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে সিরিজটি। গত জুনে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার হয়। ওয়েব সিরিজকেন্দ্রিক এই বিশেষায়িত উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরো অনেককে।এদিকে আগামীতে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে দেখা যাবে নাযাহ নাওয়ারকে। এতে তার সহশিল্পী পার্থ শেখ। এ ছাড়া সামনে বেশ কিছু নাটকেও দেখা যাবে তাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন