শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সানির শর্টফিল্মে হৃদয়স্পর্শী গল্প

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গান, অভিনয় ও নির্মাণ—বহুমুখী প্রতিভার অধিকারী আহমেদ হাসান সানি এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দর্শকদের আবেগ ছুঁয়ে গেলেন। তার প্রথম শর্টফিল্ম ‘সং ফ্রম দ্য সাউথ’ মুক্তির পর দর্শক ও সহকর্মীদের প্রশংসা কুড়াচ্ছে।

গত ১৪ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রায় ৯ মিনিটের ছবিটি প্রকাশ করেন সানি। নীরবে মুক্তি পেলেও এর গল্প ও নির্মাণশৈলী ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

‘সং ফ্রম দ্য সাউথ’-এর গল্প আবর্তিত হয়েছে এক বাবা ও তার অসুস্থ মেয়েকে ঘিরে। বাবা পেশায় একজন মুচি। সারাদিন মানুষের ছেঁড়া জুতা মেরামত করে সামান্য আয় করেন। সেই আয় দিয়েই মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

তবে চিকিৎসায় মেয়ের অবস্থার উন্নতি হয় না। শেষ পর্যন্ত জমানো অর্থ দিয়ে মেয়ের জন্য একটি বড় পুতুল কিনে হাসপাতাল থেকে তাকে নিয়ে গ্রামের পথে রওনা হন বাবা। এরপর শুরু হয় এক আবেগঘন ও অনিশ্চিত যাত্রা।

ছবিটি দেখে কথাসাহিত্যিক ও সংগীতশিল্পী লুৎফর হাসান নির্মাণ ও গল্পের প্রশংসা করেছেন। সংগীতশিল্পী নাহিদ হাসানও ছবিটিতে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, একাকীত্ব ও না-বলা বেদনার চিত্র তুলে ধরার জন্য নির্মাতাদের প্রশংসা করেন।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু ও লতা আহমেদ। আরও অভিনয় করেছেন রমিত ওয়াসিকুল, শাহাদাত শিতু, গালিব সর্দার ও মেহেদী হাসান রুমি।

‘সং ফ্রম দ্য সাউথ’-এর গল্প যৌথভাবে লিখেছেন আহমেদ হাসান সানি ও মোহতাসিম বিল্লাহ। এর আগে সানি বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ নির্মাণ করেছেন, যা চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন