শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তৃতীয় সপ্তাহেও শীর্ষে ‘স্পাইডার-ম্যান’

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মুক্তির তৃতীয় সপ্তাহেও বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকার বাজারে শুক্রবার সিনেমাটি আয় করেছে ১ কোটি ৯০ লাখ ডলার। সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। মুক্তির প্রথম দিনে উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৮১ লাখ ডলার।

সপ্তাহান্ত শেষে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির আয় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারে দাঁড়াতে পারে। ৮ কোটি ডলারের বেশি বাজেটের সিনেমাটির জন্য এই উদ্বোধনী আয় প্রত্যাশার তুলনায় কিছুটা কম।

তবে বক্স অফিসে শুরুটা দুর্বল হলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। রটেন টমেটোসে এর স্কোর ৮৪ শতাংশ এবং সিনেমাস্কোরে দর্শকদের কাছ থেকে পেয়েছে ‘বি’ গ্রেড।

‘ইট ফলোজ’খ্যাত নির্মাতা ডেভিড রবার্ট মিচেল পরিচালিত ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এ অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি ও জর্ডান অ্যালেক্সা ডেভিস।

এদিকে নতুন মুক্তি পাওয়া ‘প প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার ৭৩ লাখ ডলার আয় করে বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে। প্যারামাউন্টের অ্যানিমেটেড সিনেমাটি সপ্তাহান্তে প্রায় ২ কোটি ডলার আয় করতে পারে।

অন্যদিকে পঞ্চম সপ্তাহেও ভালো অবস্থানে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। শুক্রবার সিনেমাটি ৬৫ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ২ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাতে পারে। উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় প্রায় ৫০ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন