২৪ঘণ্টা অনলাইন : নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একের পর এক সাফল্য বয়ে আনছে। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়ার পর এবার সিনেমাটি নির্বাচিত হয়েছে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের জন্য।
ভেনিস ও টরন্টো—দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার লন্ডন উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর প্রতিযোগিতায়ও থাকছে সিনেমাটি।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে মোট ১০টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটি একটি মনস্তাত্ত্বিক হররধর্মী গল্প। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে এগিয়েছে কাহিনি। কথিত আছে, একসময় সেখানে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। এরপর বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসা এক তরুণী অদ্ভুত ও অতিপ্রাকৃত নানা ঘটনার মুখোমুখি হয়।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে জাইনীন করিমের। আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির ধারাবাহিক উপস্থিতি বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
