শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২০ আগস্ট রাষ্ট্রপতি ভোটে আইনি বাধা নেই

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ০৪:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

১৯ আগস্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনি বিষয়টি জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।

রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।

তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এসব আইনি প্রশ্নের কারণে বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন