শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

একনেকে ১০ প্রকল্পে ব্যয় ৯ হাজার ৩৩৪ কোটি

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ০৪:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

১৯ আগস্ট শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। বাকি ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুগুলোর আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় লালমনিরহাট সদরকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালী করার দুটি প্রকল্প রয়েছে।

একনেকে আরও অনুমোদন পেয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সক্ষমতা বৃদ্ধি, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প।

এ ছাড়া রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে। পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আগে অনুমোদিত আরও ৯টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন