শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অভিযোগে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

১৯ আগস্ট চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর ফেরদৌস স্টিলের ইয়ার্ড পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। তদন্তে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে আসে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, পরিবেশগত ক্ষতি নিরূপণ করে প্রতিষ্ঠানটির জন্য ৫ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে আদালতে মামলা দায়েরসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

দুর্ঘটনার পাঁচ দিন পর ফেরদৌস স্টিলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। গত ১৪ আগস্ট জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন