শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের ভিসা স্থগিতাদেশ বাতিল

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত রাখার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি বাতিল ঘোষণা করেছে নিউইয়র্কের ম্যানহাটান জেলা আদালত। ২১ আগস্ট দেওয়া এক রায়ে বিচারক জ্যানেট ভার্গাস এ সিদ্ধান্ত জানান।

রায়ে বলা হয়েছে, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখার এই নীতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত এখতিয়ার ও বিধিবদ্ধ ক্ষমতার সীমার সঙ্গে সাংঘর্ষিক। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ সিদ্ধান্ত আইনসঙ্গত নয় বলে আদালত মত দিয়েছে।

চলতি বছরের ১৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত করা হয়েছে। পাশাপাশি গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা এবং গ্রিনকার্ড প্রস্তুতির প্রক্রিয়াতেও স্থগিতাদেশ দেওয়া হয়। ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হয়েছিল।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা নেওয়ার হার বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে দাবি করা হয়।

স্থগিতাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ম্যানহাটান জেলা আদালতে মামলা করে অভিবাসী অধিকার সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং আফ্রিকান কমিউনিটিজ টুগেদার। ওই মামলার রায়েই শুক্রবার নীতিটি বাতিলের ঘোষণা দেন বিচারক জ্যানেট ভার্গাস।

এর আগে গত ৩ আগস্ট কলাম্বিয়া জেলা আদালতের বিচারক অমিত মেহতাও বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনায় দেওয়া স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন