শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বড় পর্দায় ফেরার পথে অপূর্ব

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৬:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টেলিভিশন ও ওটিটির জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ঘিরে নতুন করে বড় পর্দায় ফেরার আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বর্তমানে তার সঙ্গে একসঙ্গে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে।

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্ব সিনেমায় কাজ করেছেন মাত্র দুটিতে। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে ছিলেন তিনি।

প্রায় এক দশক পর ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন অপূর্ব। স্বল্প উপস্থিতিতেও তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

তবে এবার চারটি সিনেমার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন অপূর্ব। যদিও কোনো প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, চারটি সিনেমা নিয়ে একসঙ্গে আলোচনা চলছে। তবে শুটিং শুরুর আগ পর্যন্ত কোনো সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না তিনি।

অপূর্বের ভাষ্য, অনেক সময় শুটিং শুরুর পরও নানা কারণে সিনেমার কাজ এগোয় না। তাই নিশ্চিত না হয়ে আগাম ঘোষণা দিয়ে দর্শকের প্রত্যাশা তৈরি করতে চান না। সিনেমা বাস্তবে নির্মাণের পর্যায়ে গেলে তখনই আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি।

এদিকে সিনেমার পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মাসরিকুল আলমের পরিচালনায় ‘নীলাঞ্জনা’ নাটকের শুটিং শুরু করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন শার্লিন ফারজানা। এই নাটকের পর আরও সাতটি নাটকে টানা কাজ করার কথা জানিয়েছেন অভিনেতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন