২৪ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারতের জায়গায় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ফিফার অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় বাংলাদেশকে বিকল্প দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ায় ভারত আসর থেকে সরে দাঁড়ায়।
বাফুফের জাতীয় দল কমিটি গত সপ্তাহে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেয়। এরপর ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় ছিল বাংলাদেশ। শনিবার সেই অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
ফিফার অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাফুফেকে আলাদা আয়োজন ব্যয় করতে হবে না। বরং বাংলাদেশ অংশগ্রহণ বাবদ অর্থ পাবে এবং আয়োজকরা আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করবে বলে আগে জানানো হয়েছিল।
জাতীয় দলের কোচ থমাস ডুলির জন্যও এটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলকে প্রস্তুত করার সুযোগ তৈরি করেছে। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই টুর্নামেন্টকে কাজে লাগাতে চায় বাফুফে।
