২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বার মা হতে চলেছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া এই জল্পনা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন কারিনার ননদ ও সাইফ আলি খানের বোন সাবা আলি খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার একটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে সাবা জানান, ভিডিওতে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অভিনেত্রীকে অন্যরকম দেখাচ্ছে। অথচ সেটিকে কেন্দ্র করেই অনেকে কারিনা অন্তঃসত্ত্বা বলে দাবি করছেন।
সাবা বলেন, কারিনা বিমানবন্দর থেকে ফেরার সময় যথেষ্ট স্লিম ছিলেন। এরপর জিম থেকে বের হওয়ার সময় তোলা একটি ভিডিও দেখে রাতারাতি তাকে অন্তঃসত্ত্বা ধরে নেওয়া ঠিক নয়। বিষয়টি নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করার আহ্বান জানান তিনি।
কারিনার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন না ছড়িয়ে তাকে নিজের মতো থাকতে দেওয়ার কথাও বলেন সাবা। তার মতে, ব্যক্তিগত কিছু বিষয় ব্যক্তিগতই রাখা উচিত এবং সেগুলো নিয়ে অযথা অনুমান করা অনুচিত।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ কারিনার তৃতীয়বার মা হওয়ার দাবি করলেও অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিষয়টি সত্য নয়।
উল্লেখ্য, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খান এবং ২০২১ সালে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খানের বাবা-মা হন। সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন এই তারকা দম্পতি।
