শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রেসিং দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা অজিত

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ১১:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ইউরোপে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিংয়ে অংশ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির জোরালো সংঘর্ষ হয়। তবে বড় ধরনের আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে আসেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেস চলাকালে অজিতের গাড়িতে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের পরপরই তিনি নিজে গাড়ি থেকে বের হয়ে আসেন।

দুর্ঘটনায় অজিত গুরুতর আহত হননি বলে জানা গেছে। সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও রেসিং গাড়ির সুরক্ষা কাঠামোর কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

অভিনয়ের পাশাপাশি মোটরস্পোর্টসেও অজিত কুমারের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তিনি ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ ও জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের একটি রেসিং দলও রয়েছে তার।

চলতি বছর ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান অর্জন করে। এরপর স্পা ও পল রিকার্ডের মতো বিখ্যাত ট্র্যাকেও ১২ ঘণ্টার রেসে অংশ নেন তিনি।

এর আগেও রেসিং ট্র্যাকে দুর্ঘটনার মুখে পড়েছেন অজিত। ২০২৫ সালে ইতালির জিটি৪ ইউরোপিয়ান সিরিজে দুর্ঘটনার শিকার হন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি দুবার উল্টে যায়।

তবে প্রতিবারই বড় ধরনের চোট থেকে রক্ষা পেয়েছেন এই তারকা। এবারের দুর্ঘটনার পরও তার গুরুতর কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করছেন তার ভক্তরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন