শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানি: ট্রাইব্যুনালে ৩ সাংবাদিককে হাজির

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২৪ আগস্ট সকালে তাদের হাজির করা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়। তিনজনকেই এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর প্রেক্ষিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলেছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রশ্ন করাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন কিছু নির্দিষ্ট সাংবাদিক। তারা যেসব বক্তব্য দিতেন, সেসব কোনো প্রশ্ন ছিল না। ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা। তাকে দিয়ে নির্দিষ্ট কথা বলানোর জন্য কিছু উসকানিমূলক প্রস্তাব। এ কারণেই অপরাধ সংঘটিত হয়েছে।

প্রসিকিউশন জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়। নতুন করে হওয়া ‘মিস কেস’ বা বিবিধ মামলা। এ ঘটনায় ১৪ জুলাইয়ের উসকানিমূলক প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন।

এ ছাড়া হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন