২৪ঘণ্টা অনলাইন : রাখিবন্ধনের বিজ্ঞাপন নিয়ে বিতর্কে কৃতি সেনন। একটি গয়নার বিজ্ঞাপনে পোশাকের জন্য তিনি প্রশ্নের মুখে পড়েন। এ বার সেই বিজ্ঞাপনটিই সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হল।
বিজ্ঞাপনে একটি ব্রালেট ধাঁচের উপর টপের সঙ্গে স্কার্ট পরতে দেখা গিয়েছিল কৃতিকে। নেটাগরিকের একাংশের অভিযোগ ছিল, এই পোশাক রাখিবন্ধনের উৎসবের জন্য মোটেই উপযুক্ত নয়। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে তরজা চলছে সমাজমাধ্যমে। পোশাকের জন্য কৃতিকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতও। পাল্টা জবাব দিয়েছেন কৃতিও। অভিনেত্রীকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। তবে রাহুলকেও কটাক্ষ করেছেন কঙ্গনা। তার পরেই বিজ্ঞাপনটিকেই সরিয়ে দেওয়া হল।
গয়না বিপণন সংস্থা থেকে রাখিবন্ধন সংক্রান্ত কৃতির ওই বিজ্ঞাপনটিই সব জায়গা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ ছিল, পোশাকটি নাকি ভারতীয় সংস্কৃতির বিরোধী। শুধু পোশাক নয়, বিজ্ঞাপনে ভালবেসে পোষ্য সারমেয়কেও রাখি পরানো হয়েছে। তা নিয়েও আপত্তি জানান অনেকে।
এক বিবৃতিতে বিপণন সংস্থার পক্ষে থেকে বলা হয় যে, “ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। ব্র্যান্ড হিসাবে এই ধরনের আনন্দের মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ায় আমরা বিশ্বাসী। এ বার আমরা পোষ্যদের প্রতি ভালবাসাকেও উদ্যাপন করতে চেয়েছিলাম।”
এর পরেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন তাঁরা। বিবৃতিতে লেখা হয়, “আমাদের সমাজের একাংশের ভাবাবেগে আমাদের বিজ্ঞাপনটি আঘাত করে থাকলে, জানাতে চাই, এটি আমাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের কথা মাথায় রেখে আমরা সমস্ত মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিচ্ছি। এই উৎসবের মরসুমে সকলের প্রতি ভালবাসা ও ইতিবাচক বার্তা দিতে চাই আমরা।”
উল্লেখ্য, এই বিজ্ঞাপনকে ঘিরেই কৃতির পোশাককে বিকিনির সঙ্গে তুলনা করেন কঙ্গনা। কটাক্ষের জবাবে কৃতি সমাজমাধ্যমে লিখেছিলেন, “সাবেক ফ্যাশন বছরের পর বছর ধরে বদলেছে। কিন্তু এখনও কোনও নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তাঁর পোশাক দিয়ে মাপা হয়! সংস্কৃতি এবং ঐতিহ্য হৃদয়ে থাকে, তাঁর পোশাকের গলার কাটে নয়।” কৃতির এই পোস্ট ভাগ করে নিয়ে রাহুল গাঁধী লেখেন, “এক জন মহিলা কী পোশাক পরবেন, কী করবেন, কোথায় যাবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দের মধ্যে পড়ে। স্বাধীন ভাবে চলার জন্য ওঁদের ট্রোল করা বন্ধ করুন।”
