শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাজারবাগ পুলিশ লাইনস স্কুলে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকবিরোধী সচেতনতামূলক আয়োজন

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৬   ১২:৪৪ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এ আয়োজন করা হয়।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, গ্রীন সেভার্স ও বিএসআরএম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

ঢাকা বিভাগের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল’ গড়ে তোলার ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্লাস্টিক দূষণ কমানো, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা শাখার পরিচালক রাজিনারা বেগম। বিশেষ অতিথি ছিলেন গ্রীন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ইকো অ্যাওয়ারনেস ক্লাবের মডারেটর প্রভাষক মুহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ইকো অ্যাওয়ারনেস ক্লাবের নির্বাহী কমিটির শিক্ষার্থীদের ‘ইকো ওয়ারিয়র’ ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করেন।

‘ইকো ওয়ারিয়র’ ব্যাজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফুয়াদ আল (সভাপতি), আবদুল্লাহ আল বায়জিদ (সহ-সভাপতি), মো. জিহাদ (সাধারণ সম্পাদক), ইরফান আহমেদ রাহাত (হিসাবরক্ষক) এবং হাসিব আল লতিফ (সাংগঠনিক সম্পাদক)।

আয়োজনে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। তারা সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং এর বিকল্প পণ্যের ব্যবহার নিয়ে নিজেদের মতামত ও ভাবনা তুলে ধরে।

অনুষ্ঠানে অতিথিদের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় আরও সচেতন ও সক্রিয় হতে উৎসাহিত করে।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। সচেতনতা ও সঠিক অভ্যাসের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন