২৪ঘণ্টা অনলাইন : বিরোধী দলের ওয়াকআউট, গ্যাস-বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই পররাষ্ট্রনীতি, অভিন্ন নদীর পানি বণ্টন, উন্নয়ন প্রকল্পের ব্যয়, পুলিশ সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অধিবেশনের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়ও সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।
পরে সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালে দেশে হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কমেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। অনিয়মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশি সেবা আরও স্বচ্ছ করতে ট্রাফিক জরিমানা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স ডিজিটাল করার পাশাপাশি বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রনীতি নিয়েও সংসদে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ এখন নিজস্ব স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা প্রকল্প এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার বিষয়েও সংসদকে অবহিত করেন তিনি।
অন্যদিকে, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও বেকারত্ব নিয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সংস্কার-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স ল্যাপস হতে দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারের অধিবেশনকে ‘বেসরকারি সদস্য দিবস’ হিসেবে উল্লেখ করে সরকারি বিল উত্থাপনেরও সমালোচনা করেন তিনি।
এরপর সরকারের বিভিন্ন বিল উত্থাপনকে কেন্দ্র করে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের সদস্যদের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। বিরোধী দলের সদস্যরা একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন।
ওয়াকআউটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথায় কথায় সংসদ থেকে বেরিয়ে গেলে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে। গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সংসদের ভেতরেই আলোচনা ও সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি।
এদিন জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। এতে গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য একটি বিল এবং সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের জন্য আরেকটি বিল উত্থাপন করা হয়।
সব মিলিয়ে প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট, সরকারের বিভিন্ন বিল উত্থাপন এবং জাতীয় সংকট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
