২৪ঘণ্টা অনলাইন : অসুস্থতার কারণে চেহারায় পরিবর্তন এসেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের মেকআপহীন ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে শারীরিক অসুস্থতার খবর জানিয়েছেন তিনি।
শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পান মিমি। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ গানে তার পারফরম্যান্স দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। এরপর থেকেই বাংলাদেশি দর্শকদের অনেকের কাছে ‘দুষ্টু কোকিল’ নামেও পরিচিত তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, মিমির গাল বেশ ফুলে গেছে। পায়ে ব্যান্ডেজ রয়েছে এবং তাকে বিশ্রামে থাকতে দেখা গেছে। ছবিতে ওষুধের পাতাও দেখা যায়।
নিজের পোস্টে মিমি জানান, দাঁত তোলার পর তার গাল ফুলে গেছে। ঠোঁটে সেলাইয়ের কারণে কালশিটে দাগ হয়েছে। পাশাপাশি পায়ে তীব্র টানের সমস্যাতেও ভুগছেন তিনি।
মেকআপহীন অবস্থার ছবি প্রকাশ করে অভিনেত্রী নিজের স্বাভাবিক চেহারাকে সামনে আনার বিষয়টিও তুলে ধরেন। তার ভাষ্য, সামাজিক মাধ্যমে সবসময় পরিপাটি ও নিখুঁত থাকার প্রবণতার বিপরীতে নিজের বাস্তব অবস্থাকে তুলে ধরাও এক ধরনের সাহসিকতা।
মিমির এমন পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক মাধ্যমে অনেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
