শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নেপালের দুর্যোগ থেকে বেঁচে ফিরলেন অপু

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  নেপালের ভয়াবহ হড়পা বানের ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং টিম। পরিস্থিতি বিবেচনায় নেপালের শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তারা।

২৮ আগস্ট ঢাকায় ফিরে নেপালে কাটানো ভয়ংকর অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস।

তিনি জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটে। কাকতালীয়ভাবে পরদিন ২৭ আগস্ট একই পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল। এক দিনের ব্যবধানে যাত্রা হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

অপু বিশ্বাস বলেন, তাদের কাঠমান্ডু ফেরার নির্ধারিত পথের কাছাকাছি এলাকাতেই ভয়াবহ দুর্যোগটি ঘটে। ২৬ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট যাত্রার পরিকল্পনা থাকায় তারা সৌভাগ্যক্রমে বিপদ এড়িয়ে যেতে পেরেছেন।

তার ভাষ্য অনুযায়ী, দুর্যোগে ওই সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে আগামী ১৫ থেকে ২০ দিন ওই পথে যান চলাচল বন্ধ থাকবে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

নেপালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার পর শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে করেন অপু বিশ্বাস। তাই পুরো ইউনিটের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি।

অপু বলেন, মানুষের এমন দুর্ভোগের সময় গানের শুটিং চালিয়ে যাওয়া ভালো দেখায় না। তাই শুটিং বন্ধ রেখে পুরো টিমের সদস্যদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কয়েক দিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশের পর অপু ও সিনেমার পুরো টিমকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের ভক্তরা। পরে খরাজ মুখার্জি কলকাতায় ফিরে সবাইকে নিরাপদে থাকার বিষয়টি জানান। এর কয়েক ঘণ্টা পর ঢাকায় ফেরেন অপু বিশ্বাস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন