শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নবম পে-স্কেলে সুখবর সরকারি চাকরিজীবীদের

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৬   ০৮:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

৩১ আগস্ট বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হলেও এর আর্থিক সুবিধা ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কীভাবে এবং কোন পদ্ধতিতে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পর নির্ধারণ করা হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। আর সর্বনিম্ন গ্রেড-২০-এর মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোর প্রস্তাবে গড়ে ১০০ শতাংশের বেশি বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

নতুন পে-স্কেল অনুমোদনের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়েছে। এখন প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন