শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’-এর পর ফের জুটি রাজ-সাবিলা

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এবার নতুন এক গল্পে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই দুই তারকা।

তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’।
এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। জানা গেছে, টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির মিশেলে নির্মিত হবে সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে।

নির্মাতাদের ভাষ্যে, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। ফলে সিনেমাটিতে প্রচলিত গল্পের বাইরে নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে।সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

বলা দরকার, আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং চলচ্চিত্র ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সুস্ময় সরকার।‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যকে সঙ্গে নিয়ে এবার আরো এক ধাপ এগিয়ে যেতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন