শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বড়পর্দায় ফিরছেন রাজ-সাবিলা

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন। নতুন এই জুটির সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। রহস্য ও রোমাঞ্চে ভরপুর গল্পের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’

রাজের এই পোস্টের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় চলচ্চিত্র।

‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, প্রচলিত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে সময়ের জটিলতা ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে।

সিনেমাটিতে রাজ ও সাবিলা নূরকে দেখা যাবে ভিন্ন ধরনের চরিত্র ও লুকে। ফলে নতুন এই জুটিকে বড়পর্দায় কেমনভাবে উপস্থাপন করা হয়, তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটির পর এবার নতুন গল্প ও ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন