শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাঁচ মাসেই ভাঙল বাদশাহ-ইশার সংসার

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গোপনে বিয়ের পর মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন ভারতীয় সংগীতশিল্পী বাদশাহ ও ইশা রিখি। ঘরোয়া আয়োজনে বিয়ের পর তাদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

এক যৌথ বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে তাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

দুজন আরও বলেন, তাদের সম্পর্ক নিয়ে যেন কোনো ধরনের জল্পনা বা অনুমান করা না হয়।

বাদশাহ ও ইশা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। জানা যায়, ২০২১ সালে একটি পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। চলতি বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

তবে সে সময় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি দুজন। পরে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করলে বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এরপরও বাদশাহ ও ইশা বিষয়টি নিয়ে নীরব ছিলেন। পরে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিয়ের কথা স্বীকার করেন ইশা এবং দুজনের ছবিও প্রকাশ করেন।

বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। ইশা ও তার মায়ের কয়েকটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর ভক্তদের অনেকেই ধারণা করেন, তাদের দাম্পত্যে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

এর আগে জেসমিন মাসিহের সঙ্গে সংসার করেছিলেন বাদশাহ। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং ২০২০ সালে বিচ্ছেদ ঘটে। ওই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন