২৪ঘণ্টা অনলাইন : অভিনয়ের পাশাপাশি এবার উপস্থাপনায়ও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিয়ে ইতোমধ্যে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি।
শুধু দর্শক নয়, স্বস্তিকার আন্তরিকতা ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন সহশিল্পীরাও। সম্প্রতি অভিনেত্রী ঐন্দ্রিলা বোস স্বস্তিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
নতুন মৌসুমে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা। সেখানে স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরে তিনি জানান, একজন সিনিয়র শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান ও আন্তরিকতা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।
ঐন্দ্রিলা বলেন, স্বস্তিকা তার প্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অসাধারণ মানুষ। একজন সিনিয়র শিল্পী কীভাবে মার্জিত, আন্তরিক ও উদার আচরণের মাধ্যমে সবার মন জয় করতে পারেন, স্বস্তিকা তার উজ্জ্বল উদাহরণ।
স্বস্তিকার মঞ্চে উপস্থিতি, সুন্দর ব্যবহার এবং অন্যদের গুরুত্ব দেওয়ার মানসিকতা ঐন্দ্রিলাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আগের চেয়ে আরও বেড়ে গেছে বলেও জানান এই অভিনেত্রী।
