তাসলিমা রহমান, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলকারী ‘স্পেশাল পালং সার্ভিস’ পরিবহনের একটি বাস থেকে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় বাসটির চালক আখতার হোসেন ও হেলপার ইয়াসিন আরাফাতকে আটক করা হয়েছে।
গত ৩০ আগস্ট বিকেলে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে আসা বাসটিতে তল্লাশির সময় ইয়াবাগুলো পাওয়া যায়। চালক ও হেলপার কৌশলে এসব ইয়াবা বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
