শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিদেশে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস হৃদয়ের

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ইতিহাস গড়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি।

ম্যাচের শুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিন শেষে ৩৭১ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে ছিল দলটি। সেখান থেকেই শেষ দিনে ম্যাচের চিত্র পাল্টে দেন হৃদয়।

আগের দিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় শেষ পর্যন্ত ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি। তবে দেশের বাইরে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন হৃদয়।

হৃদয়ের এই দুর্দান্ত ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাকের আলী। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ১৫১ রানের জুটি। ১৬৮ বলে ৯৪ রান করে মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জাকের।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ১৮৫ রান। সাইফউদ্দিন করেন ১৭১ বলে ৮৭ রান।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে দাপট দেখিয়ে ৫১২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। লেসেগো সেনোকওয়ানের ১১১ ও সিনেথেম্বা কেশিলের ১২৮ রানের পাশাপাশি গ্যাভিন কাপলান করেন ৯৭ রান।

দক্ষিণ আফ্রিকার বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে থাকলেও হৃদয়ের ব্যাটে শেষ দিনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’। তার ব্যাটিং নৈপুণ্যেই ম্যাচে নতুন করে লড়াইয়ের অবস্থান তৈরি করেছে দলটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন