শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘হারপিক আনেন, আমি পরিষ্কার করি’: মন্ত্রী

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৬   ১২:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি নিজেই শৌচাগার পরিষ্কার করার কথা বলেন।

৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রীর এমন বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে ১ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্নতা দেখতে পান।

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি।’ তিনি আরও বলেন, ‘আমি যদি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?’

হাসপাতালের শৌচাগারের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, টাইলসের ওপর কালো দাগ থাকা উচিত নয়। হারপিক ব্যবহার করলেই এসব দাগ পরিষ্কার করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, হাসপাতালের ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অন্তত বাথরুমগুলো ঠিক রাখা উচিত। একই সঙ্গে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন।

হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, বর্তমানে হাসপাতালে ১১৭টি বাথরুম সচল রয়েছে। আরও ৩০টি বাথরুম ব্যবহারের অনুপযোগী। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আগামী ১৫ দিনের মধ্যে এগুলো সচল করার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার হাসপাতালে ১ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি ছিলেন। তাদের সঙ্গে থাকা স্বজনদের কারণে হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীর ১৬৫টি পদের মধ্যে ১০২টি পদই শূন্য। ফলে জনবল সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...