শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামের পথে ১১ দলের লং মার্চ

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৪৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লং মার্চ’ শুরু হয়েছে।

৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। পরে ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের বহর রওনা হয়।

পূর্বনির্ধারিত রুটের বিভিন্ন স্থানে পথসভা করবে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্বে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন