২৪ঘণ্টা অনলাইন : অ্যাকশন ও থ্রিলারধর্মী সিরিজের ভিড়ে গ্রামীণ জীবনের সহজ-সরল গল্প দিয়ে দর্শকদের মন জয় করেছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির চারটি সিজন ইতোমধ্যে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
সচিব জি, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশের মতো চরিত্রগুলোও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার সিরিজটি নিয়ে দুটি সুখবর জানিয়েছেন নির্মাতা দীপক কুমার মিশ্র।
নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনার কাজ চলছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে নতুন সিজনটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
তবে সবচেয়ে বড় সুখবর হলো, পঞ্চম সিজনেই শেষ হচ্ছে না ফুলেরা গ্রামের গল্প। এক সাক্ষাৎকারে পঞ্চম সিজনেই সিরিজটির সমাপ্তি হবে কি না জানতে চাইলে দীপক জানান, এমন কোনো পরিকল্পনা এখনো তাদের নেই। অর্থাৎ ভবিষ্যতে আরও সিজন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিজনে ফুলেরা গ্রামের বাসিন্দাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর গ্রামের পরিস্থিতি, পরাজিত প্রধানজির জীবনের নতুন মোড় এবং সচিবের গল্পের পরবর্তী অধ্যায়কে ঘিরেই এগোবে কাহিনি।
‘পঞ্চায়েত’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা ও দুর্গেশ কুমারসহ অনেকে।
নতুন সিজনটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
