শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৫ বছর পূর্তিতে আফজাল-মমকে নিয়ে চয়নিকা

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৫:২৯ পিএম
webnews24


২৪ঘণ্টা অনলাইন : নির্মাতা হিসেবে নিজের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কাজ নিয়ে আসছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আনছেন নতুন টেলিফিল্ম ‘সময় একটু থামো’। এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন ও জাকিয়া বারী মম।   

ইফফাত আরেফিন মাহমুদের গল্পে এবং গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির মূল প্রেক্ষাপট পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া। গল্পে দেখা যাবে, একজন সুপরিচিত আর্কিটেক্ট এক রাতে টকশো শেষে বাসায় ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের মুখোমুখি হন। দীর্ঘ ১৫ বছর পর তাদের এমন আকস্মিক দেখা হওয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ঘটনা। 

টেলিফিল্মটিতে আফজাল হোসেন ও মম ছাড়াও অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া, মোশাররফ করিম এবং অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে।

সম্প্রতি কাজটির অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। অভিনেতা আফজাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, তার কাছ থেকে তিনি শিখেছেন কীভাবে মানুষকে সম্মানিত করতে হয় এবং কাজের প্রতি সৎ থেকে ভালোবাসতে হয়। পাশাপাশি শত ব্যস্ততার মধ্যেও কাজের ডেট দেওয়ায় অভিনেত্রী জাকিয়া বারী মম এবং সহযোগিতার জন্য প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নির্মাতা।

পরিচালনায় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এর আগেও তিনটি বিশেষ নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। সেগুলো হলো—‘জোছনায় ফেরা’, ‘বিষণ্ন মেঘ’ এবং ‘প্রথম দেখার পর’। সেই ধারাবাহিকতায় এবার প্রচারের অপেক্ষায় রয়েছে ‘সময় একটু থামো’।

আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচার হবে আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত এই বিশেষ টেলিফিল্মটি।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন