শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্ববিদ্যালয় দেখে রাখার আহ্বান

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থানীয় জনগণকে প্রতিষ্ঠানটি দেখে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের মাধ্যমে সেই দাবি বাস্তবায়িত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এই বিশ্ববিদ্যালয়টি দেখে রাখবেন, খেয়াল রাখবেন।’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরার জন্য ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য শিল্প মন্ত্রণালয় ও ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় জমি নেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দ্রুত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করায় ধন্যবাদ জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও অবকাঠামোর নকশা তৈরি হবে। এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের পথও প্রসারিত হবে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশংসা করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে তিনি প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিন্ডিকেটের সদস্যদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দ্রুত এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...