২৪ঘণ্টা অনলাইন : চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ছবির সঙ্গে তার দেওয়া ক্যাপশন নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
৭ সেপ্টেম্বর সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে গাড়িতে বসা এই অভিনেত্রীর কোলে দেখা যায় একটি নবজাতককে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে—তবে কি আবারও মা হলেন পরীমণি? কেউ কেউ আবার ধারণা করছেন, নতুন কোনো সন্তান দত্তক নিয়েছেন তিনি।
শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা তার ভক্তদের অনেকেরই জানা। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। এমনকি মজা করে একসময় ১০০ সন্তানের মা হওয়ার কথাও বলেছিলেন এই অভিনেত্রী।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে পরীমণির প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন তিনি। পরে একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
এদিকে নতুন ছবিতে নবজাতককে কোলে নিয়ে পরীমণিকে দেখা যাওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে অভিনন্দনের পাশাপাশি নানা প্রশ্ন করছেন নেটিজেনরা। শিশুটির পরিচয় জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ফলে ‘তিন নাম্বার জন ডান’—পরীমণির এই রহস্যময় ক্যাপশনকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। তবে শিশুটি তার নতুন সন্তান কি না, নাকি অন্য কোনো কারণে ছবিটি প্রকাশ করেছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
