২৪ঘণ্টা অনলাইন : ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস তৈরি করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ৮৩তম আসরের মর্যাদাপূর্ণ ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্য দিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দায় জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
শৈশবের স্মৃতি, ঢাকার একটি বিউটি পার্লার ও একটি বিয়েবাড়ির ভীতিকর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রায় দুই দশক ধরে এই গল্পের ভাবনা নিয়ে কাজ করেছেন পরিচালক রুবাইয়াত হোসেন। ছোটবেলায় পার্লারে শোনা একটি গল্প ও নিজের কিছু স্মৃতি থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত।
সিনেমাটির অন্যতম বিশেষ দিক এর নারীনির্ভর নির্মাণদল। আবহ সংগীত
ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রোডাকশন ডিজাইনসহ গুরুত্বপূর্ণ বেশিরভাগ বিভাগেই নেতৃত্ব দিয়েছেন নারীরা। পরিচালক রুবাইয়াত হোসেনের ভাষ্য, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে সিনেমাটি নারীদের ভালো চলচ্চিত্র নির্মাণের সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণা ভাঙারও একটি উদাহরণ।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। বিভিন্ন চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।
ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর আগামী বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
