শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ৪ দফা দাবি

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৬   ০২:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল মিটার চালু, বিদ্যুতের দাম কমানোসহ চার দফা দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।

৯ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। পরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্য তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যেই বিদ্যুতের দাম ১৫ দশমিক ৬ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের ওপর অতিরিক্ত বিলের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি এ খাতের একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।

সংগঠনটির দাবি, প্রিপেইড মিটার ব্যবস্থায় রিচার্জ ও বিভিন্ন চার্জ, মিটার-সংক্রান্ত জটিলতা, কারিগরি ত্রুটি এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলো নিয়মিত রিচার্জ ও বিভিন্ন কর্তনের কারণে বেশি চাপে পড়ছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়া, বিদ্যুতের দাম কমানো ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বিদ্যুৎ খাত ব্যক্তি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ প্রতিরোধ করে গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

এদিকে দাবি আদায়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও জ্বালানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক করার কথা জানিয়েছে তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন