২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ দিয়ে সিরিজের দুনিয়ায় অভিষেক হচ্ছে তার।
এর আগে ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় পরিণীতির। তার অভিনীত আলোচিত সিনেমা ‘অমর সিং চামকিলা’-ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে এবারই প্রথম দেখা যাবে তাকে।
রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটি আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এতে পরিণীতিকে দেখা যাবে এক মায়ের চরিত্রে, যার সন্তান নয় বছর আগে নিখোঁজ হয়েছে। দীর্ঘ সময় ধরে সন্তানকে খুঁজে ফেরার লড়াই, মাতৃত্বের আবেগ এবং চারপাশের মানুষের প্রতি বিশ্বাস হারানোর গল্প ঘিরেই তৈরি হয়েছে সিরিজটি।
পরিচালক রেন্সিল ডি’সিলভার ভাষ্য, ‘শাক’ অনিশ্চয়তা ও রহস্যে ভরা একটি থ্রিলার। নয় বছর ধরে সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আবেগঘন যাত্রাই গল্পের মূল কেন্দ্র।
পরিণীতির সঙ্গে সিরিজটিতে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।
নতুন এই সিরিজে পরিণীতির অভিনয় দর্শকদের জন্য কতটা চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।
