২৪ঘণ্টা অনলাইন: দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সার সংকট নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রায় ৩ হাজার ৭৫৯ জন সার ডিলার বর্তমানে এলাকায় নেই। তাদের অনুপস্থিতির কারণে কিছু এলাকায় সার বিতরণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটাতে সরকার সারাদেশে প্রায় ৪ হাজার ৯১৮ জন নতুন ডিলার নিয়োগ দিচ্ছে।
নতুন ডিলারদের অধীনে আরও প্রায় ১৬ হাজার খুচরা ডিলার নিয়োগ দেওয়া হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি।
সারের মজুত পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বোরো মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন সারের প্রয়োজন হতে পারে। এর বিপরীতে বর্তমানে সরকারের হাতে রয়েছে ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন সার। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি সার মজুত রয়েছে।
তিনি আরও বলেন, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত ও সার পাচারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সার জব্দ ও জরিমানা করা হয়েছে। সীমান্ত দিয়ে সার পাচারের চেষ্টার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সার বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজ করতে দেশের প্রায় দুই কোটি প্রান্তিক কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হচ্ছে। এই কার্যক্রম সম্পন্ন হলে ভর্তুকির সার বিতরণসহ কৃষিসেবা আরও কার্যকর হবে।
