শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইসলামী মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে: পাটওয়ারী

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০১:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

১০ সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ৫৬ বছরের পথচলায় চুনতির এ সীরাত মাহফিল দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজনে পরিণত হয়েছে। ১৯ দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, সাম্য, ন্যায়, ইনসাফ ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরছেন আলেম-ওলামারা। পাশাপাশি ইসলামী শিক্ষা ও মূল্যবোধের আলোকে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে ন্যায়, ইনসাফ, মানবিকতা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা নিতে হবে। সেই আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও সবাইকে সচেতন থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার, ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

এনসিপির এই নেতা বলেন, আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, চুনতির ঐতিহাসিক সীরাত মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী (সা.)-এর আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন